মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় কৃষি ব্যাংকসংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ রাকিব খান (২৫), মহিউদ্দিন চৌধুরি ওরফে হিজবুল্লাহ (২৬) ও কামরুল হাসান (২৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব খান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মহিউদ্দিন চৌধুরি ওরফে হিজবুল্লাহ বাগেরহাটের মোল্লারহাট থানার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে। কামরুল হাসান ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদ বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান আরও জোরদার করা হবে।
এফপি/র