Dhaka, Wednesday | 16 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 16 September 2026 | English
শিরোনাম:

খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিটর : ১১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্যপণ্য পরিচর্যার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও শালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়ায় এক ব্যবসায়ীকে ৭ হাজার, আরেকজনকে ২ হাজার এবং অপর ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, দেশের চিংড়ি শিল্পের সুনাম ও রপ্তানি মান বজায় রাখতে চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্যপণ্য পরিচর্যার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝