কক্সবাজারের চকরিয়ায় জমি জবরদখল ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা শাহেদুল মোস্তফার গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পরে মুচলেকায় জামিন পাওয়ার সংবাদ প্রকাশের জেরে বাদী নুর হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও চকরিয়া প্রেসক্লাব।সোমবার (১৪ সেপ্টেম্বর) চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদুল মোস্তফা। মামলায় আগের মামলার বাদী নুর হোসেনকে প্রধান আসামি করে সাংবাদিক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, তানবীরুল ইসলাম ও ইয়ার রহমান আনানকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ফাঁসিয়াখালীতে জমি জবরদখল ও হত্যার হুমকির অভিযোগে শাহেদুল মোস্তফার বিরুদ্ধে নুর হোসেন নালিশি মামলা করেন। ওই মামলায় আদালত শাহেদুল মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। পরে গত ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন পান তিনি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল কবির বলেন, শাহেদুল মোস্তফা মুচলেকায় বিরোধপূর্ণ জমিতে ভবিষ্যতে কোনো দাবি বা হস্তক্ষেপ করবেন না বলে উল্লেখ করেন। আদালত মুচলেকা গ্রহণ করে তাকে জামিন দেন।
আদালতে মুচলেকা দিয়ে জামিন পাওয়ার এ ঘটনা নিয়ে গত ৭ সেপ্টেম্বর সংবাদমাধ্যমে ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই নুর হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
সোমবার রাতে জরুরি সভা করে সংগঠনটি। সভাপতি আবুল মনসুর মো. মহসিন ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আদালতে দেওয়া মুচলেকার কপি ও আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। এ কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টির শামিল।
বিবৃতিতে ১০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতারা বলেন, সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বা চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
জরুরি সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।
এফপি/র