নীলফামারীর কিশোরগঞ্জে নবনির্মিত পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে লাইব্রেরিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাছুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে সকালে জেলা প্রশাসক কিশোরগঞ্জ থানা, উপজেলা ভূমি অফিস, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ, শরিফাবাদ উচ্চ বিদ্যালয় ও শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে গাড়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, এর সীমানাপ্রাচীর নির্মাণকাজ ও একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।
এ সময় বিআরডিবির আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচির অধীনে দুজন বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়া ইউনিসেফের অর্থায়নে ৩৮ শিশুকে কিট, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় দুটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৭৪ হাজার টাকার চেক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নয়জন প্রতিবন্ধী শিশুকে সহায়ক উপকরণ দেওয়া হয়।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় একটি যুব সংগঠনকে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক উপজেলা পরিষদ পুকুরের সিসি ব্লক নির্মাণকাজও পরিদর্শন করেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এডিপির প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ, তৃষ্ণা সরকারসহ জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এফপি/র