দিনাজপুরের ফুলবাড়ীতে ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’-এর উদ্যোগে তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।
ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ হাছান বলেন, এ মেলার আয়োজন অনেককে উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলবে এবং কর্মমুখী হতে উৎসাহিত করবে।
আয়োজকেরা জানান, স্থানীয় উদ্যোক্তা তৈরি, তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো মেলার মূল উদ্দেশ্য।
মেলার আয়োজক কংকনা রায় ও আইরিন আক্তার হিরা বলেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি ও সহযোগিতার অভাবে অনেক উদ্যোক্তা এগিয়ে যেতে পারছেন না। উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তাঁরা সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণ সহায়তা দেওয়ার দাবি জানান।
তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন তরুণ-তরুণী উদ্যোক্তা ১৩টি স্টলে অংশ নিচ্ছেন। স্টলগুলোতে হস্তশিল্প, হাতে তৈরি পোশাক, গহনা, ঘর সাজানোর সামগ্রী, দেশীয় পণ্য ও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে।
মেলার উদ্বোধনের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। দর্শনার্থীরা স্টল ঘুরে পণ্য দেখার পাশাপাশি পছন্দের পণ্য কিনছেন।
এফপি/র