প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে বুদ্ধু কুমার সাহা (৬১) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার পাশে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, সদর থানার পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এক ব্যক্তি আহত অবস্থায় আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, পরে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে কক্ষটির দরজা খুলে আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি নিজ শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উদ্ধার হওয়া বুদ্ধু কুমার সাহা মুন্সীগঞ্জ শহরের জমিদার পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সেন্টু চন্দ্র সাহা। তিনি প্রভীর গাঙ্গুলীর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন এবং কাপড়ের ব্যবসা করেন।
ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।