Dhaka, Wednesday | 16 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 16 September 2026 | English
শিরোনাম:

ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ, নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর

১৬ টিনশেড ঘর ভাঙচুরের অভিযোগ, এলাকায় আতঙ্ক

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৭:৩০ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িটির অন্তত ১৬টি টিনশেড ঘর ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন বাড়ির মালিক হাবিবুর রহমান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমানের অভিযোগ, রাত ৩টার দিকে প্রতিবেশী কবির হোসেনের নেতৃত্বে শতাধিক লোক তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে হামলাকারীরা নির্মাণাধীন বাড়িতে ঢুকে ১৬টি টিনশেড ঘর ভাঙচুর করেন। ঘটনার পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন তিনি।

হামলা ও ভাঙচুরের কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে রাতের বেলায় একদল লোককে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করতে দেখা যায়। তাঁদের কয়েকজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মধ্যরাতে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। তাঁদের ধারণা, শব্দ দুটি ককটেল বিস্ফোরণের। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি দোকান থেকে লোকজন বের হওয়ার চেষ্টা করলে তাঁদের দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেনের স্ত্রী লিমা আক্তার। তিনি বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং উভয় পক্ষেরই মামলা রয়েছে।

লিমা আক্তারের দাবি, ‘আমাদের এই জমি নিয়ে গত ১৫ বছর ধরে ঝামেলা চলছে। তাঁরা মামলা করেছে, আমরাও মামলা করেছি। তাঁরা নিজেরাই ভাঙচুর চালিয়ে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।’

অভিযোগের বিষয়ে কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝