দেশের কৃষকদের ন্যায্য ও সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত করা, চলমান সার সংকটের স্থায়ী সমাধান এবং সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। অথচ দেশের বিভিন্ন স্থানে কৃষকেরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সার পাচ্ছেন না। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ন্যায্য দাবিতে কৃষকেরা আন্দোলনে নামলে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির অভিযোগও উদ্বেগজনক।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, কৃষকের কণ্ঠরোধ করে সার সংকটের সমাধান করা সম্ভব নয়। কৃষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত কৃষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ডিলার সিন্ডিকেট দায়ী। তাঁর অভিযোগ, অসাধু উপায়ে বেশি মুনাফা লাভের জন্য ডিলাররা সার গুদামে রেখে কৃষকদের সরবরাহ করেননি। ফসল বাঁচাতে কৃষকেরা বাধ্য হয়ে ডিলারের গুদামে হানা দিয়েছিলেন।
তিনি বলেন, ওই ঘটনায় ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কৃষকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। অসাধু ডিলারদের ডিলারশিপ বাতিলসহ আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মানববন্ধন থেকে সার সংকটের কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া, কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কৃষকদের ওপর সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহসভাপতি হাবিবুর রহমান রাজা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অলোক চৌধুরী, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেডিপির প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ, ডেমোক্রেটিক বাংলাদেশ মুভমেন্টের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যাঞ্জনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির রহমান, অধিকারকর্মী আব্দুল মজিদ অন্তর, জাতীয় কৃষক শক্তির মুখ্য সমন্বয়ক নাফিউল ইসলাম, বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সমন্বয়ক সোহেল রানা সম্পদ, ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান বিকাশ, মো. রতন, আব্দুল্লাহ শাহিন প্রমুখ।
এফপি/অ