Dhaka, Wednesday | 16 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 16 September 2026 | English
শিরোনাম:

অবশেষে ঘোষণা এলো মেসির শেষ ম্যাচের

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ৩৪)
ফাইল ছবি

ফাইল ছবি

একদিন তো বিদায় নিতেই হয়। ফুটবল মাঠে অসংখ্য রাতকে স্মরণীয় করে রাখা লিওনেল মেসির ক্ষেত্রেও সেই মুহূর্ত যেন আরও কাছে চলে এলো। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে যে মানুষটি কোটি সমর্থকের আবেগের সঙ্গে জড়িয়ে আছেন, এবার তাঁর শেষবারের মতো মাঠে নামার অপেক্ষাও শেষ হতে যাচ্ছে।

ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন। রোমানো তাঁর পোস্টে এটিকে মেসির ‘ লাস্ট ড্যান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের বিদায় জানাতেই এই ম্যাচে মেসি মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। এরপর থেকেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা নিয়ে চলছিল আলোচনা। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ কবে হবে, সেই অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার রোমানোর এই ঘোষণায় সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল।

আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচই সমর্থকদের কাছে বিশেষ। তবে ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ভিন্ন আবেগের। কারণ, মনুমেন্টালের গ্যালারিতে সেদিন শুধু একজন ফুটবলারকে খেলতে দেখার অপেক্ষা থাকবে না, থাকবে প্রিয় এক তারকাকে বিদায় জানানোর মুহূর্তও।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝