নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া রোধে অঙ্গীকার ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতনতা তৈরিতে এ আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার এবং এপি ম্যানেজার লাবলু খান।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত করে। শিশুশ্রম তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে দারিদ্র্য, অসচেতনতা ও পারিবারিক সংকটসহ নানা কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে।
এসব সমস্যা মোকাবিলায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এফপি/র