রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সাইফুল হকের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বলেন রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচন ও তার এই দায়িত্ব গ্রহন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসাবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।
রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।
এফপি/অ