খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে খুলনা সদর থানাধীন নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আশরাফুজ্জামান জীবনের বসতবাড়িতে অভিযান চালায়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আশরাফুজ্জামান জীবন নিরালা কাশেমনগর এলাকার মৃত আব্দুল হামিদ ও আছিয়া খাতুনের ছেলে।
কেএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এফপি/র