প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিটর : ৩০)
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্ধুদের সঙ্গে নাফ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
নিহতরা হলো- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ নিশানা (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ আরজিন (১৫)।
আরজিনের বাবা কেফায়েত বলেন, সকালে নাস্তা করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় আরজিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নাফ নদীতে গোসল করার সময় পানিতে ডুবে সে মারা গেছে।
“আরজিনের মা নদীতে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু কথা না শোনায় এই বড় দুর্ঘটনা”, বলেন তিনি।
শাহপরীর দ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, নদীতে গোসল করতে নামে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে তল্লাশি শুরু করেন।
এক পর্যায়ে দুজনকেই উদ্ধার করা হয়। তবে আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য শিশু নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান বলেন, নাফ নদী থেকে উদ্ধার করা শিশু নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
অতিরিক্ত পরিমাণ পানি পান করায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন এই চিকিৎসক।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি সাইফুল ইসলাম।
একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুতে শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।