দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ৯১ শিক্ষার্থীর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের প্রায় তিন লাখ টাকা নিয়ে মাস্টার রোলের এক কর্মচারী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উৎকণ্ঠায় পড়েছেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত কর্মচারী আনোয়ার হোসেন গত ৪ আগস্ট থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ইংরেজি বিভাগের অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে ৯১ শিক্ষার্থী ফরম পূরণ করেন। ফরম পূরণ বাবদ প্রত্যেকের কাছ থেকে ৪ হাজার ৯৩৯ টাকা করে মোট ৪ লাখ ৪৯ হাজার ৪৪৯ টাকা আদায় করা হয়।
এর মধ্যে কলেজের পাওনা বাবদ ১ লাখ ৫৩ হাজার ৪৪৯ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। কলেজের নথি ও ব্যাংক হিসাব যাচাই করেও ওই টাকা জমার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শামীন আকতার গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ফরম পূরণের টাকা ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে আনোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা জমা দেওয়ার কথা মৌখিকভাবে জানান। তবে হিসাব মেলানোর তাগিদ দেওয়ার পর গত ৪ আগস্ট থেকে তিনি কলেজে আসা বন্ধ করে দেন। একই সঙ্গে দায়িত্বও হস্তান্তর করেননি।
অভিযোগে আরও বলা হয়, ইংরেজি বিভাগের গোপনীয় নথিপত্র, আবেদন ফরম ও রেজিস্টার খাতা আনোয়ার হোসেনের জিম্মায় থাকায় সেগুলো গোপন বা অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী রেজাউল করিম, শাহেদ আলী, শামীমা ইয়াসমিন ও গোপাল চন্দ্র সরকার বলেন, ‘শুনেছি, ইংরেজি বিভাগের কর্মচারী আনোয়ার হোসেন আমাদের ফরম পূরণের টাকা নিয়ে উধাও হয়েছেন। বিষয়টি জানার পর থেকেই পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে আমরা উৎকণ্ঠায় রয়েছি।’ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ফুলবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব বলেন, ‘কর্মচারী টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই। যথানিয়মে সব শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের টাকা থেকে ২ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে আনোয়ার হোসেন ৪ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। এ কারণে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।’
এফপি/র