প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম (ভিজিটর : ৩১)
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
সাজ্জাদ জানান, কয়েকজন বন্ধু ঢাকা থেকে মোটররসাইকেলযোগে গভীর রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে সকালে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ও আরোহীকে উদ্ধার করে। ঘটনাস্থলেই চালক হৃদয় মারা যান। নিহত হৃদয় তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক মেয়ের বাবা। নিহতের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।