নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ কালাই সবুজ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি মুড়াপাড়া এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ এবং সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশের ভাষ্য, কালাই সবুজের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তিনি মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের।
ওসি বলেন, ‘কালাই সবুজের অবস্থান শনাক্ত ও তাঁকে গ্রেপ্তারে রূপগঞ্জ থানা পুলিশ গত তিন মাস ধরে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়।’
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/ফ