Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে আনসারের অভিযানে ২ রোহিঙ্গা নারীসহ আটক ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিটর : ১৬)

চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টাকালে রহিমা খাতুন (৫৫) ও আফিফা বিবি (১৮) নামে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিউটিরত আনসার সদস্য মো. মোশাররফ হোসেনের বিচক্ষণতায় তাদের সন্দেহজনক গতিবিধি প্রকাশ পায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মুখে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন।

রোহিঙ্গা নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্বরে তাৎক্ষণিক বিশেষ অভিযান চালায় চট্টগ্রাম মহানগর উত্তর জোন ডবলমুরিং থানার পাসপোর্ট অফিসে নিয়োজিত আনসার গার্ডের সদস্যরা। সেখান থেকে এই জালিয়াতি চেষ্টার মূল হোতা তিন দালালকে আটক করা হয়। আটককৃত দালালরা হলেন— জিতু দাস (২৮), শিবির সাদেক (২৫) ও জহির আহমেদ (৫২)। অবৈধভাবে দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে তারা এই নারীদের সহায়তা করছিল।

আটককৃতদের দেহ তল্লাশি করে ৩টি স্মার্টফোন, ১টি বাটন ফোন এবং নগদ ৪২,৮৫৮ টাকা জব্দ করে আনসার সদস্যরা এবং পাসপোর্ট কর্তৃপক্ষকে অবগত করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপকে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন।

পরবর্তীতে আটককৃত ৫ জনসহ জব্দকৃত মোবাইল ও নগদ টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‍্যাব-৭ এর একটি টিমের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই ঘটনা দেশের ভাবমূর্তি রক্ষা ও জালিয়াতি রুখতে বাংলাদেশ আনসারের কঠোর নজরদারি এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝