Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম  (ভিজিটর : ৭)

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের কাছে বেনজীরের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন—এমন তথ্য প্রকাশের পর তাঁর অবস্থান নিশ্চিত করতে এনসিবি এ উদ্যোগ নিয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আজকেই (বুধবার) ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে সাবেক আইজিপি বেনজীরের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতাও জানতে চাওয়া হয়েছে।’

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। ওই দেশে তাঁর পাসপোর্ট ও যৌথ বিনিয়োগ রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। সেন্ট লুসিয়ার গ্রোস আইসলেট এলাকায় তাঁর একটি ফ্ল্যাট রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি হয়। শুনানি শেষে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়।

সূত্রের দাবি, বেনজীরের জামিনের জন্য ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করেন। দুবাইয়ের আদালত থেকে তাঁর জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তৎপরতা শুরু হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র আরও জানায়, জামিন পাওয়ার পর বেনজীর দুবাই থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করলেও নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনায় শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে সূত্রের দাবি।

বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ বিভিন্ন অভিযোগের বিষয়টি সামনে রয়েছে। তাঁর বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশের পর তা নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ।

ইন্টারপোলের কাছ থেকে তথ্য পাওয়ার পর বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝