রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের উদ্যোগে এ জুলুস বের করা হয়।
সকাল ৯টা ১১ মিনিটে খানকা শরীফ প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত যায়। পরে সড়ক প্রদক্ষিণ করে একই পথে ফিরে এসে খানকা শরীফ প্রাঙ্গণে জুলুসের সমাপ্তি ঘটে।
সাজ্জাদানশীন হুজুরপাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী (মাঃ জিঃ আঃ)-এর পরিচালনায় আয়োজিত জুলুসে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার, পতাকা ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলুসের পুরো পথ।
দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মো. মুক্তার বেপারী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশকে শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নবীজির (সা.) দেখানো পথে চলার মাধ্যমে সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অরাজকতা দূর করা সম্ভব।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৌলতদিয়া এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খানকা শরীফ প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
এফপি/ফ