কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও লেবুর চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবুর আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি কর্মকর্তা শিশির কুমার ইশোরসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি বালাইনাশক দেওয়া হয়েছে। এছাড়া ২০ জন কৃষকের মধ্যে লেবুর চারা, ৩০ কেজি করে জৈব সার ও ২ কেজি করে পলিথিন বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবুর আবাদ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোই এ প্রণোদনা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এফপি/ফ