কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
পরে গাড়িতে থাকা চালক ও অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আজিজুল হককে আটক করা হয়। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছেন, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।
বিজিবি আরও জানায়, প্রাইভেটকারটিতে ব্যাপকভাবে তল্লাশি চালানো হলেও বিয়ার ছাড়া অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
এফপি/ফ