কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব নেতৃত্বে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার।
সভায় সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাহানাজ পারভীন মুন্নি, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ী থানার উপপরিদর্শক মিতু আহমেদ, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য দেন।
ইউএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। ইউএসএসের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকারের সঞ্চালনায় সভায় বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য সীমা খাতুন।
সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও শিক্ষা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাইবার অপরাধের দ্রুত বিচার, ভুক্তভোগীদের আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও তরুণদের সাইবার হয়রানি এবং জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও যুবসমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং যুব নারীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের পক্ষ থেকে প্রশাসনের কাছে ১০ দফা নাগরিক দাবি তুলে দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এফপি/ফ