Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

দেশ ও জাতি গড়ার মূল দায়িত্ব তরুণ প্রজন্মের: সরাইলের ইউএনও

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:০৪ পিএম  (ভিজিটর : ৯৪)

শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, “শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ঠিক রাখতে না পারলে আমরা ভেঙে পড়ব, জাতি ভেঙে পড়বে, বাংলাদেশও পিছিয়ে যাবে।”

তরুণ প্রজন্মের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “তোমাদের হাত দিয়েই বাংলাদেশ গড়ার কথা। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্য, দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

‘Gen Z’ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে ইউএনও সাইফুল ইসলাম বলেন, তরুণরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের শক্তি, মেধা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের বলেন, “তোমাদের যে আলো এসেছে, সেটিকে সূর্যের আলোর মতো আরও প্রস্ফুটিত করতে হবে। বড় আলোয় পরিণত করতে হবে। সেই দায়িত্ব তোমাদেরই।”

তরুণদের সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনও বলেন, প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা তরুণদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তবে দেশ ও জাতিকে গড়ে তোলার মূল কাজটি তরুণ প্রজন্মকেই করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শাহীন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মো. নুরুজ্জামান লস্কর তপু।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন মেধা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝