খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন (নাম) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দুই ব্যক্তি মীর মামুনকে তুলে নিয়ে দেবীপুর গ্রামের ওই এলাকায় যায়। সেখানে তার মাথায় গুলি করে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত মীর মামুন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় বেপরোয়া প্রকৃতির ব্যক্তি হিসেবে পরিচিত।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত মীর মামুন খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এফপি/ফ