Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডিজিটাল কোর ব্যাংকিং চালুর উদ্যোগ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ১৫)

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন, রিয়েল টাইম ও কোর ব্যাংকিং সল্যুশন চালুর লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দ্রুত ও কার্যকরভাবে ডিজিটাল কোর ব্যাংকিং ব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তবায়ন, কারিগরি কাঠামো ও কৌশলগত সংযোগ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করতে ডিজিটাল কেওয়াইসি চালুর কারিগরি বিষয় নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করার বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

সভায় বিদ্যুৎ ও গ্যাস বিল, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ডিজিটাল সেবার মধ্যে দ্রুত ও নিরাপদ তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় এপিআই সংযোগ ব্যবস্থার রূপরেখা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অনুমোদন গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় লিডস করপোরেশনের পক্ষ থেকে ডিজিটাল ব্যাংকিং সেবাগুলো বাস্তবায়নে কারিগরি প্রস্তাবনা ও প্রস্তাবিত কার্যপদ্ধতি দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকের সংশ্লিষ্ট দলের কাছে জমা দেওয়ার বিষয়ে অবহিত করা হয়।

সমন্বয় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং লিডস করপোরেশন ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব হবে। পাশাপাশি গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝