Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ৬৬)

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার নামে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানতসহ বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করা হচ্ছে।

একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানী, অনুদান কিংবা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ দিয়ে চাকরি, সম্মানী, অনুদান কিংবা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকচক্র অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

চাকরিপ্রার্থীদের কোনো ব্যক্তির ফোন, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদেরও সরকারি সহায়তা বা অনুদানের নামে কোনো ব্যক্তিকে আগাম অর্থ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য অপরিচিত ব্যক্তি বা অননুমোদিত অনলাইন গ্রুপে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভুয়া বিজ্ঞপ্তি বা প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট পোস্ট, ফোন নম্বর, স্ক্রিনশট, চিঠি ও লেনদেনের তথ্য সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝