Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিটর : ২৬)

বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কোথাও হয়তো ১০০ শতাংশ বাস্তবায়ন হয়নি, তবে ৯০ কিংবা ৯৫ শতাংশ হয়েছে। সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার একটি লিখিত বিবরণ দেওয়া হবে।

বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই  জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো ঘাটতি থাকবে না। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকেদের অবহিত করা হবে।

রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

শুরুতেই বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসনের অবদানের কথা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি জানান, আগামীকাল ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। একইভাবে সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝