Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

আনসার-ভিডিপি ব্যাংকের আধুনিকায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম  (ভিজিটর : ২০)

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধার মঞ্জুরি দ্রুত অনুমোদন এবং ব্যাংকের ২০৫টি পদে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

এদিকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সিবিএস বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকের প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

সভায় বাংলাদেশ ব্যাংকের BSC-এর মাধ্যমে ব্যাংকের ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ার পাশাপাশি সিবিএস বাস্তবায়ন ও আধুনিক ব্যাংকিং কার্যক্রমে গতি আসবে।

সভায় বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

গ্রাহকসেবা আরও আধুনিক ও দ্রুত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের BACH, NPSB, BEFTN/EFTসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় সদস্যপদ ও কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এসব ব্যবস্থা চালু হলে বাহিনীর সদস্যরা বেতন-ভাতা গ্রহণ, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা সহজে নিতে পারবেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর সদস্যদের কুটির শিল্প প্রকল্পে তৈরি হস্তনির্মিত কাঠের হাতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানকে শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাহিনীর সদস্যদের দোরগোড়ায় নিরাপদ ও আধুনিক আর্থিক সেবা পৌঁছে দিতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝