ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তার মধ্যে টেলিটক করপোরেট সিম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে কর্মকর্তাদের হাতে এসব সিম তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সিম বিতরণ অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া টেলিটক করপোরেট সিম আগামীকাল থেকে সংশ্লিষ্ট সব কর্মকর্তা চালু করবেন। এরপর থেকে কর্মকর্তারা এই সিমের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন।
তিনি বলেন, “নাগরিক সেবা প্রদানের পথ এই টেলিটক সিমের মাধ্যমে আরও সুগম হবে। এর ফলে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর হবে।”
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফপি/ফ