অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের ৯ উইকেটের জয়টি প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
সেই হারের ক্ষত এখনো শুকায়নি অজিদের। এমন কঠিন সময়ে আবার বড় দুঃসংবাদ শুনতে যাচ্ছে স্বাগতিকরা।
স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে পারে অস্ট্রেলিয়া। এমন খারাপ সংবাদই দিয়েছে দেশটির গণমাধ্যম নিউজ ডটকম এইউ।
আলোকস্বল্পতা, বৃষ্টি কিংবা বাজে আবহাওয়া বাদে সাধারণত প্রতিদিন ৯০ ওভার খেলা হয়। তবে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন ৮৬ ওভার হয়েছে।
নির্ধারিত ওভারের থেকে ৪ ওভার কম হয়েছে। কম ওভারের জন্যই অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড়ের ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৯০ ওভার থেকে যত কম হবে তাতে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।
টেস্টে প্রত্যকে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পান প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা। সে হিসেবে ৫ শতাংশ হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭ হাজার টাকা। ৪ ওভার কম হওয়ায় টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা। অস্ট্রেলিয়ান মুদ্রায় ৪ হাজার ডলার।
সবমিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা।
সঙ্গে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্টও কাটা যেতে পারে। তবে এখন পর্যন্ত কিছু জানায়নি আইসিসি। সে যাই হোক সময় হলেই জানা যাবে। তবে এর আগে ২০২০ সালে বক্সিং ডে টেস্টে স্লো ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা গিয়েছিল অজিদের। এই শাস্তি পাওয়ায় পরে ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয় তাদের।
এফপি/র