Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম  (ভিজিটর : ৩১)

দীর্ঘ এক দশকের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের খবরটি রোনালদোর প্রতিনিধিরা নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল। একই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিনার হাতের ওপর নিজের হাত রাখা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। দুজনের অনামিকায় ছিল বিয়ের আংটি। ছোট্ট বার্তায় ভালোবাসার প্রতীক দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

রোনালদোর বাগ্‌দত্তা হওয়ার খবর গত বছর ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান জর্জিনা। অনামিকায় বেশ বড়সড় একটি আংটি পরে রোনালদোর হাতের ওপর হাত রাখার ছবি পোস্ট করেন। ঠিক এক বছরের মাথায় উল্টে গেল হাতের ওপর হাত রাখার ছবিটি—এখন জর্জিনার হাতের ওপর রোনালদোর ভরসা ও ভালোবাসামাখা হাতখানি। 

২০১৬ সালে মাদ্রিদে একটি পোশাকের দোকানে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয়। এরপর শুরু হয় প্রেম। জর্জিনার ভাষায়, সেটি ছিল ‘প্রথম দেখাতেই প্রেম’।

জর্জিনার জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। তাই বিয়ের পর রোনালদোকে মজা করে আর্জেন্টিনার ‘জামাই’ বলছেন অনেকে। দীর্ঘদিনের সম্পর্কের পর এবার তাঁরা আইনগতভাবেও স্বামী-স্ত্রী।

রোনালদো ও জর্জিনার সংসারে পাঁচ সন্তান রয়েছে। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ছাড়াও সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান ইভা ও মাতেও এবং জর্জিনার গর্ভে জন্ম নেওয়া অ্যালানা মার্টিনা ও বেলা তাঁদের পরিবারে রয়েছে। ২০২২ সালে জন্মের পর তাঁদের যমজ সন্তান অ্যাঞ্জেল মারা যায়।

৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পেশাদার ফুটবলে ৯৭৬ গোলের পাশাপাশি পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন এই তারকা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝