অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। ম্যাচের একদিন আগে বুধবার ডারউইনের মারারা স্টেডিয়ামে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই দিন প্রথম টেস্টের একাদশও ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়। ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট ম্যাকেতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের অতীত রেকর্ড অবশ্য খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত দুই দলের ছয় টেস্টের মুখোমুখিতে অস্ট্রেলিয়া জিতেছে পাঁচটি। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে।
তবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হারে চার নম্বরে রয়েছে তারা। অন্যদিকে সাত জয় ও এক হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
মূল লড়াইয়ের আগে অবশ্য প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে তারা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
এফপি/র