সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোহাগাড়ায় জনসচেতনতামূলক প্রচারণা ও সতর্কতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) লোহাগাড়া ট্রাফিক বক্সের সামনে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এ জনসচেতনতামূলক প্রচারণা সম্পন্ন হয়। লোহাগাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল ও বাজার এলাকায় গাড়িচালক, মোটরসাইকেল আরোহী এবং সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা ও লিফলেট পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল, টিআই (প্রশাসন) রফিক আহমেদ মজুমদার, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ, লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত ভৌমিক এবং চন্দনাইশ টিআই বোরহান উদ্দিন।
প্রচারণাকালে যানবাহন চালকদের ট্রাফিক সিগন্যাল, রোড সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ যথাযথভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, নির্দিষ্ট গতিসীমা বজায় রাখা, বেপরোয়া ওভারটেকিং এবং যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সঙ্গে রাখা, নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা না করা এবং মদ্যপ বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। গণপরিবহনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আসন সংরক্ষিত রাখার বিষয়েও সচেতন করা হয়।
মোটরসাইকেল চালক ও আরোহীদের বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেল না চালানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে বা মহাসড়কে ছোট শিশুদের নিয়ে যাতায়াত না করার বিষয়ে সতর্ক করা হয়।
একই সঙ্গে পথচারীদের রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন পকেটে রাখা, তাড়াহুড়ো করে বা চলন্ত গাড়ির সামনে দিয়ে না দৌড়ে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেপরোয়া গতি, অসচেতনতা, ওভারলোডিং ও ট্রাফিক আইন অমান্য করাই সড়ক দুর্ঘটনার মূল কারণ। “আপনার একটি সচেতন সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি প্রাণ” এই মূলমন্ত্রকে ধারণ করে ট্রাফিক আইন মেনে চললে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অন্যের জীবনও রক্ষা করা সম্ভব বলে প্রচারণায় তুলে ধরা হয়।
এফপি/র