Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

দ্বিতীয় সেশনও বাংলাদেশের, ৮ উইকেট হারাল অস্ট্রেলিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম  (ভিজিটর : ১৮)

সবুজ ঘাসের উইকেটে যেন তোপ দাগছেন বাংলাদেশের পেসাররা! ডারউইন টেস্টে বাংলাদেশি পেস আক্রমণের মুখে পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৪ উইকেট নিল টাইগাররা।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সুইং ও বাউন্সের গতিঝড়ে কাবু হয়ে মাত্র ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছে ক্যাঙ্গারুরা।

মধ্যাহ্ন বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে ৫৫ রানের সেই জুটি ভেঙে আবারও ম্যাচে বাংলাদেশকে একচ্ছত্র নিয়ন্ত্রণ এনে দেন এবাদত হোসেন। ইনিংসের ৩৭তম ওভারে অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হন ১৯ রান করা ক্যারি।

ক্যারির বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বো ওয়েবস্টারও। ৩৯তম ওভারে তাসকিন আহমেদের এক সোজা বলে লাইন মিস করে বোল্ড হন তিনি (১০ বলে ১২)। ১৫৪ রানে ৬ উইকেট হারানোর পর দৃশ্যপটে আবারও হাজির হন হাসান মাহমুদ। পরপর দুই আঘাত হেনে অজিদের সাজঘরে পাঠান তিনি, যার শেষ শিকার ছিলেন মিচেল স্টার্ক।

মাত্র ১৭৬ রানেই অষ্টম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নতুন বলে রুদ্রমূর্তি ধারণ করেন তাসকিন ও হাসান। ১২তম ওভারে দারুণ এক সুইঙে অজি ওপেনার জেক ওয়েদারাল্ডকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন হাসান। নিজের পরের ওভারে আরেক ওপেনার ট্রাভিস হেডকেও (২২) চমৎকার বোল্ডের ফাঁদে ফেলেন এই পেসার।

দুই ওপেনারকে হারিয়ে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে অজিদের টপ অর্ডার।

মার্নাস লাবুশেনকে (১) স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে উদযাপনে মাতেন এবাদত। মাঝে এবাদতের বলে স্টিভেন স্মিথ স্লিপে তানজিদ হাসান তামিমের সৌজন্যে ক্যাচ মিসের সুযোগ পেয়ে জীবন পেলেও, অন্যপ্রান্তে ক্যামেরন গ্রিনকে টিকতে দেননি তাসকিন। ওভারের শুরুতে ছক্কা হাঁকানো গ্রিনকে (১৩) শেষ বলে মুশফিকুর রহিমের তালুবন্দি করান তাসকিন।

এর আগে মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল অজিরা। বিরতি থেকে ফিরে স্মিথ লড়াই চালিয়ে গেলেও টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝