দিনাজপুরের ঘোড়াঘাটে ‘আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড’ নামে একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর মানচিহ্ন ব্যবহারের অভিযোগ উঠেছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস্থিত কারখানাটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্কুট, রুটি, পেটিস, কেকসহ বিভিন্ন ধরনের বেকারি খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ছাড়া খাদ্যপণ্যে অনুমোদনহীন কেমিক্যাল ও রং ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
কারখানাটির BSTI অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মালিক জাহান্নামের চৌরাস্তা নামে পরিচয় দেন। অনুমোদনপত্র দেখতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি BSTI অনুমোদনের জন্য আবেদন করেছে, তবে এখনো অনুমোদনপত্র হাতে পায়নি। গণমাধ্যমকর্মীদের কাছে এসব নথি দেখানোর প্রয়োজন নেই বলেও তিনি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আল মামুন কাউসার শেখ বলেন, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের সুযোগ নেই। BSTI-এর মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার কিংবা প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কারখানা পরিচালনার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং দ্রুত ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, খাদ্যপণ্যের মান ও উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এফপি/ফ