কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকায় আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
আটকরা হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এ সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ওসি আরো জানান, আটক ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ (সোমবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এফপি/ফ