‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার ও মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল বক্তব্য দেন।
এ সময় উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রাকৃতিক জলাশয় ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্য আহরণে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশবান্ধব পদ্ধতিতে মৎস্য উৎপাদন বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ খাতের অবদান আরও বাড়ানো সম্ভব।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে সাঁতার প্রতিযোগিতা এবং মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৮ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের কর্মসূচি শেষ হবে।
এফপি/ফ