কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের বাসিন্দারা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য লাইলী বেগম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ হোসেন, সমাজসেবক খয়ের উদ্দিন ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, প্রতিবছর ধরলা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে ফুলবাড়ীর চর মেকলীসহ বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদীপাড়ের মানুষ ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে দুর্ভোগে পড়ছেন।
তারা আরও বলেন, ভাঙনপ্রবণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাময়িকভাবে জিওব্যাগ ফেলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসন নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে প্রতিবছরই নতুন করে নদীভাঙনের শিকার হয়ে মানুষ সর্বস্ব হারাবেন।
মানববন্ধন থেকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ধরলা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এফপি/ফ