কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর অব্যাহত ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন চর মেখলিবাসী।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ধরলা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি সীমা খাতুন, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, ভাঙনের শিকার মফিজুল হক, ইসরাইল হোসেন, লাভলী বেগমসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে তাদের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাও হুমকির মুখে পড়েছে। প্রতিবছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রামের তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় ধরলা নদীর তীর রক্ষায় বাঁধ নির্মাণ করা হলেও ফুলবাড়ী উপজেলার চর মেখলিসহ এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সেই সুবিধা থেকে বঞ্চিত। তাই বৈষম্য দূর করে জরুরি ভিত্তিতে ধরলা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
এফপি/র