দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২০০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া এলাকায় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়ক থেকে তাদের আটক করে ঘোড়াঘাট থানা-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. খাইরুল ইসলাম (২৮), মো. মিজানুর রহমান (২৮) ও মো. সেলিম মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল বিলপাড়া গ্রামের তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন তিন যুবকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ২০০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে ট্যাবলেটগুলো জব্দ করে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে থানা-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এফপি/র