বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (আগস্ট-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. মাকসুদ আলম ও মো. বসার মোল্লা, সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ ও তাজ উদ্দিন মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত সততাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম ভিত্তি। সত্য, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়কে গুরুত্ব দিয়ে প্রয়োজনে একাধিক সাংবাদিকের সমন্বিতভাবে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করা উচিত।
তারা আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে মোল্লাহাটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পরিবেশ, আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তরুণ সাংবাদিকদের গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়, বরং জনস্বার্থ রক্ষা, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের কথা তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এফপি/ফ