শিশু রুহি হত্যা ও মরদেহ গুমের ঘটনায় গ্রেপ্তার রিপন টুডু, সুজন টুডু ও শিশুটির মা জিন্নাতুন বেগম।
দিনাজপুরের জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহি হত্যা ও মরদেহ গুমের ঘটনায় তার মা জিন্নাতুন বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় আট ঘণ্টার অভিযানের পর মঙ্গলবার সকালে একটি নারকেল বাগান থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন—রিপন টুডু (৩৫) ও সুজন টুডু (২০)। পুলিশ রিপন টুডুকে প্রধান অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে জামতলী এলাকার একটি নারকেল বাগান থেকে রুহির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে রিপনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, জিন্নাতুন বেগমের সঙ্গে রিপন টুডুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে জিন্নাতুন তার মেয়েকে নিয়ে রিপনের বাড়িতে বসবাস শুরু করেন। শিশুটিকে নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় বিরোধ হতো।
পুলিশের ভাষ্য, গত ৫ জুন রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে রুহির ওপর নির্যাতন চালানো হয়। পরে জিন্নাতুন ও রিপনের বিরুদ্ধে শিশুটির মুখ ও গলা ওড়না দিয়ে চেপে ধরার অভিযোগ রয়েছে। একপর্যায়ে শিশুটির মৃত্যু হলে রিপন সুজন টুডুকে ডেকে আনেন। পরে তিনজন মিলে মরদেহ বস্তাবন্দী করে বাড়ির পাশের নারকেল বাগানে গর্ত করে মাটিচাপা দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনা আড়াল করতে কাছাকাছি আরেকটি গর্তে একটি কুকুরের মরদেহ পুঁতে রাখা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন বলেন, রিপন টুডুর দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিন্নাতুন বেগম ও রিপন টুডুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে সুজন টুডুকেও গ্রেপ্তার করে ডিবি।
এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জামতলী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এর আগে রুহির সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার জামতলী বাজার এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা