Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক - ৩

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৬:৩৫ পিএম  (ভিজিটর : ২২)

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় এক বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির ভাষ্য, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার মনিরগুনা গ্রামের মো. রাশেদ (২০) এবং উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আব্দুল্লাহ (২২)।

তাঁদের কাছ থেকে তিনটি পোটলায় থাকা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নাফ নদীসংলগ্ন কোনাপাড়া পোস্ট এলাকায় আরেকটি অভিযানে মো. বোরহান উদ্দিন (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, ওই অভিযানের সময় বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁর মা। এ সময় তিনি নৌকার বৈঠা দিয়ে এক বিজিবি সদস্যকে আঘাত করেন। পরে আশপাশের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ইয়াবা বিওপিতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন জানিয়েছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে একটি রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝