Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেশার লাইনে অবৈধ গ্যাস সংযোগ: গ্রেপ্তার - ২

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম  (ভিজিটর : ২২)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের হাই-প্রেশার সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ দিয়ে একটি চুনা পাথর কারখানায় গ্যাস সরবরাহের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা করা হয়েছে। অপর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কটিয়াদী থানাধীন এলাকায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১,০০০ পিএসআইজি হাই-প্রেশার সঞ্চালন লাইন থেকে একটি চুনা পাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ দেখা দেয়, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক গ্যাসের অপচয় হয়।

এ ঘটনায় গত ৩ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কিশোরগঞ্জ জোনাল অফিস, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং ময়মনসিংহের আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ কারখানার জমির মালিক সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিয়াকে গ্রেপ্তার করে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার অপর আসামি চুনা পাথর কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, গত ৫ আগস্ট গ্যাস লিকেজ মেরামত করে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝