বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এ আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) বুয়েট কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নত শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সমন্বয়েই একটি সমৃদ্ধ, আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও দায়িত্বশীল নেতৃত্বের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করে তরুণদের রাষ্ট্র ও জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে দেশের অসংখ্য মেধাবী ও যোগ্য মানুষকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এই সীমাবদ্ধতা দূর করে আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন, মানবিক ও সুযোগের সমতা নিশ্চিতকারী বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারা শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, আপনারাই ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করার দায়িত্বও আপনাদের কাঁধে বর্তায়।”
অনুষ্ঠানে বুয়েটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও আধুনিকীকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। এসব বিষয়ে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
স্মরণসভায় আরও বক্তব্য দেন বুয়েটের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/অ