দুপুরের রান্নাবান্না শেষ করে প্রতিদিনের মতো কলস হাতে পুকুরে পানি আনতে গিয়েছিলেন খাদিজা আক্তার (৬০)। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। দীর্ঘ সময় পর স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি করে পানিতে তার নিথর দেহ দেখতে পান।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা আক্তার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়ি সোহাগদল গ্রামে বসবাস করতেন। তার পাঁচ মেয়ে। সবাই বিবাহিত। ছোট মেয়ে গর্ভবতী হওয়ায় মেয়ের সঙ্গেই থাকতেন তিনি।
নিহতের বোনের ছেলে মো. সৈকত জানান, রোববার দুপুরে রান্নাবান্না শেষ করে কলস নিয়ে পুকুরঘাটে পানি আনতে যান খাদিজা। দীর্ঘ সময়েও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা পুকুরঘাটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে তার মরদেহ দেখতে পান তারা।
নিহতের মেয়ে ঝর্না বেগম জানান, তার মা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। দুপুরে রান্না শেষ করে গোসলসহ পানি আনার জন্য কলস নিয়ে পুকুরে যান। পরে বাড়িতে না ফেরায় খোঁজ করতে গিয়ে তাকে পানিতে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রেদওয়ান জানান, হাসপাতালে আনার আগেই খাদিজার মৃত্যু হয়। তার ধারণা, স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, কলস নিয়ে পুকুরে পানি আনতে গিয়ে পানিতে পড়ে খাদিজার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/র