জামালপুরের মাদারগঞ্জে এনজিওর মাধ্যমে গরু দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে প্রায় দেড় বছর আত্মগোপনে থাকা এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ৷
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।
স্থানীয়রা জানান- ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিও থেকে গরু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এই ইউপি সদস্য। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। প্রায় দেড় বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
পাওনা টাকা না পেয়ে এবং তাকে এলাকায় খুঁজে না পেয়ে অবশেষে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুধু গরু দেওয়ার নামে অর্থ আত্মসাৎ নয় তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
২০২১ সালের ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর আর্থিক ও সার্বিক সহযোগিতায়
১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হোন মোহাম্মদ আলী জিন্নাহ। শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ,ভিজিএফ এর চাল নিজ এলাকার দরিদ্রদের না দিয়ে কার্ড বিক্রি,বিভিন্ন কৃষি প্রনোদন উত্তোলন করে তা কৃষকদের মাঝে না বিতরণ করে বিভিন্ন দোকানে বিক্রিসহ আরও একাধিক অভিযোগ রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, “মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”
এফপি/ফ