Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

পরিচ্ছন্নতাই অগ্রাধিকার:

খুলনায় পাইকগাছা হাসপাতালে নতুন উদ্যোগ

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ৯)

ভর্তি রোগীদের উন্নত সেবা নিশ্চিত এবং হাসপাতালের ওয়ার্ডগুলো আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘জুতাবিহীন চলাচল’ কার্যক্রম চালু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

নতুন উদ্যোগের আওতায় হাসপাতালের ওয়ার্ডে প্রবেশের আগে রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীদের নির্ধারিত স্থানে জুতা বা স্যান্ডেল খুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য হাসপাতালের নিচতলায় জুতা রাখার বিশেষ র‍্যাক স্থাপন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওয়ার্ডের ভেতরে বাইরের জুতা ব্যবহার সীমিত করা গেলে ময়লা ও জীবাণুর প্রবেশের ঝুঁকি কমবে। এতে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে এবং ভর্তি রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, বেসরকারি ক্লিনিকগুলো যদি জুতাবিহীন পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে, তাহলে সরকারি হাসপাতালও তা করতে সক্ষম। তিনি বলেন, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝