ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি সারা বিশ্বে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে। আমরা তাঁর সহকর্মী হিসেবে তাঁকে অনুসরণ করে দেশ গড়ার কাজে সহযোগিতা করে যাচ্ছি।”
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১৪-এ বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত Startup Science Project and Innovation Idea Showcasing Program-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রশাসক বলেন, ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন সহজ হবে।
তিনি বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ এবং তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রশাসক আরও জানান, আজকের এ কর্মসূচিকে ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব ও নাগরিক সেবাগুলো আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রশাসক বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা, গান ও নৃত্য পরিবেশনার প্রশংসা করেন।
তিনি বলেন, “চেষ্টা থাকলে সবই সম্ভব। যেখানে চেষ্টা থাকবে, সেখানে অবশ্যই সফলতা আসবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী ধারণা (আইডিয়া) নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লার নাগরিকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর নেভি কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং ছাত্র-ছাত্রীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বাংলাদেশ নেভি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীর, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফপি/র