বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর উদ্যোগে “Charting the Sky for National Security: Bangladesh in the Evolving Geopolitical Era” শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের BCASPS ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজ্ঞানভিত্তিক গবেষণায় সরকারের অব্যাহত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন এবং BCASPS-এর কার্যক্রমের প্রশংসা করেন। বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি আধুনিক, সমন্বিত আকাশ শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূরাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: আইএসপিআর
এফপি/র